অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালে গিয়ে মন্ত্রীর খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি মঈন খানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এই মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের কড়া নজরদারিতে আছেন মন্ত্রী। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

All Categories