‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। আইনি দিক দিয়ে আমরা নিশ্চিত হয়েছি, শাপলা প্রতীক ব্যবহারে আমাদের কোনো বাধা নেই। তা সত্ত্বেও যদি আমাদের প্রতীক না দেওয়া হয়, তবে রাজনৈতিকভাবে আমরা মাঠে নামব।

নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সদস্যদের অনেকেই নিরপেক্ষ নন। বরং কেউ কেউ দলীয় মুখপাত্রের মতো আচরণ করছেন। তার দাবি, ‘ইসি গঠনের পদ্ধতি পরিবর্তন করতে হবে। বর্তমান আইনে যে ঘাটতি রয়েছে, তা সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠনের এখনই উপযুক্ত সময়।’ তবে তিনি জানান, যেসব কমিশনার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন, তাঁদের রেখে বাকি সদস্যদের পুনর্গঠনের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি।

সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য ছিলেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম। তিনি জানান, শাপলা প্রতীক বরাদ্দের জন্য নতুন একটি আবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তাঁরা।

জহিরুল ইসলাম বলেন, শাপলা আমাদের জাতীয় প্রতীকের একটি অংশ। কিন্তু সেটি একমাত্র জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীক হিসেবে শাপলার পাশাপাশি রয়েছে ধানের শীষ, পাটপাতা, তারকা—যেগুলো ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করছে। আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে, আমাদের পক্ষে শাপলা প্রতীক ব্যবহারে কোনো আইনগত বাধা নেই।

এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েও কথা বলেন জহিরুল। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচন কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছি। কমিশন জানিয়েছে, বিষয়টি তারা বিশেষভাবে বিবেচনা করবে।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়। এনসিপির দাবি, প্রবাসীদের ভোটের সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কমিশন এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।

সম্প্রতি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। বৈঠকে দলটির নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতির বিষয়েও জানতে চায় প্রতিনিধিদল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রক্রিয়া চলমান রয়েছে।

All Categories