প্লট দুর্নীতি: ২ মামলায় হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় তার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

রায়ে শেখ হাসিনার পরিবারের আরও দুই সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিককে একটি মামলায় সাত বছরের এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে অন্য মামলায় সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

এই দুটি মামলায় হাসিনা ও তার পরিবারের তিন সদস্য ছাড়াও আরও ১১ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একটি মামলায় আরও ছয় আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত দুই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৪ জন আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আজমিনা ও ববিসহ বাকি আট আসামিকে একটি মামলায় এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।

দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

 

All Categories