পিআর পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সাধারণ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর এ দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’ ছাড়া কিছু নয়।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তোলে নাই। হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, আনুপাতিক ভোটপদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। তার ভাষায়, এই পদ্ধতি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে।

বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের চাওয়া-পাওয়া ও গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি মোটেও উপযুক্ত নয়।

রিজভীর দাবি, জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায়। তাই বিভ্রান্তিমূলক ইস্যু তৈরি করে কোনো মহল যেন স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

All Categories