পাকিস্তান থেকে আনা ১৫০ টন কাঁচা তামাক আটক, ঘোষিত দামে বড় গরমিল
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০টি কনটেইনারে থাকা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড বন্ড সুবিধা ব্যবহার করে চালানটি আমদানি করেছিল।
কাস্টমস গোয়েন্দাদের হিসাবে, জব্দ তামাক থেকে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা যেত, যার আনুমানিক খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
প্রাথমিক যাচাইয়ে চালানের আমদানি মূল্যে বড় ধরনের অসংগতি ধরা পড়েছে। একই এইচএস কোডের পণ্য সাধারণত প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে শুল্কায়ন হলেও এই চালানে প্রতি কেজির দাম দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ ডলার। আগের আমদানি মূল্য ধরলে শুধু আমদানি পর্যায়েই প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব এর সঙ্গে জড়িত।
সংস্থাটির মতে, বন্ড সুবিধায় আনা তামাক কীভাবে ব্যবহার হচ্ছে এবং তা থেকে উৎপাদিত পণ্যের হিসাব ঠিকমতো রাখা ও নিয়ন্ত্রণ করা না গেলে আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি থাকে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।