এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির আবেদন লিও আইসিটি ক্যাবলসের, কিউআইওতে তুলবে ৭ কোটি টাকা

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে নতুন করে আবেদন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিও আইসিটি ক্যাবলস পিএলসি। বুধবার বিএসইসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবেদনটি জমা পড়ে। প্রস্তাবিত কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৭ কোটি টাকা তুলতে চায় কোম্পানিটি।

আবেদনের সঙ্গে দেওয়া আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির রাজস্ব, নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কিছুটা বেড়েছে। ওই বছরে বিদ্যমান সব শেয়ারহোল্ডারকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

নিরীক্ষিত হিসাব অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে কোম্পানির রাজস্ব দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি ২৩ লাখ টাকা, আগের বছর যা ছিল প্রায় ৩৬ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ এক বছরে রাজস্ব বেড়েছে প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা বা ১১ দশমিক ৭৪ শতাংশ।

কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৪ কোটি ৯৮ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা হয়েছে, প্রবৃদ্ধি প্রায় ১৫ দশমিক ১৫ শতাংশ। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৭৬ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৩১ পয়সা থেকে বেড়ে ১৪ টাকা ৫২ পয়সা হয়েছে।

৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯০ লাখ টাকা। মোট সম্পদ প্রায় ৬০ কোটি ৮৩ লাখ টাকা, শেয়ারহোল্ডারদের মূলধন প্রায় ৪৭ কোটি ৭৮ লাখ টাকা এবং মোট দায় প্রায় ১৩ কোটি ৪ লাখ টাকা।

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কভিত্তিক এ প্রতিষ্ঠান ফাইবার অপটিক কেবল, লিথিয়াম ব্যাটারি প্যাক, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট (ওএনইউ) ও রাউটার তৈরি করে। 'লিও ফাইবার' ও 'এইচকিউ লিথিয়াম ব্যাটারি' ব্র্যান্ডে তারা সংযোগ, নেটওয়ার্কিং ও জ্বালানি সংরক্ষণ খাতে ব্যবসা করছে। ব্যাটারি প্যাক তৈরিতে স্বয়ংক্রিয় ও রোবোটিক প্রযুক্তির পাশাপাশি ডিজিটাল পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে।

কিউআইওর মাধ্যমে সংগৃহীত অর্থ মূলত ফাইবার অপটিক কেবল ও লিথিয়াম ব্যাটারি উৎপাদনের কাঁচামাল কেনার চলতি মূলধন হিসেবে ব্যবহার করা হবে। এর একটি অংশ যাবে ইস্যু-সংক্রান্ত ব্যয় মেটাতে। এ উদ্যোগে ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় ধাপ শেষ হলে প্রস্তাবিত অফারে অংশ নিতে পারবেন যোগ্য বিনিয়োগকারীরা।

All Categories