অর্ধশত আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত,সবাই নিহতের শঙ্কা

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্ঘটনাটি ঘটে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি টিন্ডায় অবতরণের আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে দুর্গম গহীন বনে উদ্ধারকারী দল ধোঁয়া ও আগুন দেখতে পায় এবং সেখানে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এখনও পর্যন্ত কোনো আরোহীর জীবিত থাকার তথ্য মেলেনি।

প্রথমে যাত্রীসংখ্যা ৪০ জন বলা হলেও পরে তা সংশোধন করে ৪৯ জন জানানো হয়। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ টেলিগ্রামে বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় উদ্ধার বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সোভিয়েত যুগের ‘অ্যান্টোনভ-২৪’ মডেলের। ১৯৬০ ও ৭০-এর দশকে তৈরি এই টার্বোপ্রপ বিমান প্রায় ৫০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছিল। অ্যাঙ্গারা এয়ারলাইন্সের এই বিমানটির অতীতেও একাধিকবার প্রযুক্তিগত ত্রুটি, ইঞ্জিন সমস্যাসহ জরুরি অবতরণের রেকর্ড রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুর্গম বনাঞ্চলে ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, রাশিয়ায় এখনও অনেক পুরোনো মডেলের বিমান চলাচল করছে, যা বিমান নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি। বিশেষত আঞ্চলিক ফ্লাইটে ব্যবহৃত বিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে।রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, তাস।

All Categories