অনেক সিনেমায় কাজ করেছি, কিন্তু ‘উৎসবে’র মতো অভিজ্ঞতা হয়নি: জাহিদ হাসান
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ এর প্রতি দর্শকদের আগ্রহ এখনো অব্যাহত। মুক্তির পর কেটেছে ২০ দিন, এরই মধ্যে শুধু মাল্টিপ্লেক্সেই সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ৩ কোটি টাকা। চতুর্থ সপ্তাহে এসে সিনেমাটি চলছে দেশের ১৭টি প্রেক্ষাগৃহে, যার মধ্যে বেশির ভাগ শো-ই হচ্ছে হাউসফুল।
‘উৎসব’ সিনেমায় ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় মুগ্ধতার কথা জানান তিনি।
জাহিদ হাসান বলেন, “ঈদের আগের দিন থেকেই আমি অসুস্থ ছিলাম। তার মধ্যেই ‘উৎসব’ মুক্তি পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। আমার প্রিয় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞ যারা সিনেমাটি দেখে প্রশংসা করছেন এবং অন্যদেরও দেখার জন্য বলছেন। আমার জীবনের বড় একটি অর্জন এই সিনেমা।”
‘জাহাঙ্গীর’ চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “চরিত্রটার মধ্যে এখনো আমি ডুবে আছি। আমাদের প্রত্যেক মানুষের ভেতরে এই জাহাঙ্গীর আছে। আমাদের মধ্যে হিরোইজম আছে, ভিলেনও আছে। আছে উপলব্ধি করার শক্তি। আমরা জানি না কখন মৃত্যু আসবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই রিয়েলাইজেশন যদি থাকে, তবে আজ যারা ভুল করছি, কাল তারা ঠিক হয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, “‘উৎসব’-এর প্রডাকশন বয় থেকে শুরু করে আমরা যারা এই সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম, সবাই খুব সৎভাবে কাজ করেছি। অভিনয়ে কোনো অসততা ছিল না। দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে, আমি ব্যর্থ হইনি।
জাহিদ হাসান ছাড়াও ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।