নতুনদের সহযোগিতা করতে চান তৌসিফ মাহবুব
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিয়মিত প্রশংসা কুড়াচ্ছেন তিনি। গল্প ও চরিত্র নির্বাচনে সচেতন তৌসিফ সময়ের সঙ্গে নিজের অভিনয়ে নতুনত্ব আনার পাশাপাশি মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের সামনে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন।
অভিনয়ের পাশাপাশি নতুনদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তৌসিফ। তার মতে, নতুন অভিনয়শিল্পীদের মধ্যে ভালো কিছু করার প্রবল আগ্রহ ও ক্ষুধা থাকে। তাই সুযোগ পেলে নতুনদের সঙ্গে কাজ করতে চান তিনি।
তৌসিফ মাহবুব বলেন, "আমি সবসময় ভালো কাজের সুযোগের সন্ধানে থাকি। ভিকি ভাইয়ের কাজের সুযোগ মিস করতে চাই না। পাশাপাশি আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। নতুনদের মধ্যে প্রচণ্ডভাবে ভালো কাজের ক্ষুধা থাকে। আমিও একসময় নতুন ছিলাম।"
নতুন অভিনেত্রী শ্রেয়াকে নিয়ে তৌসিফ বলেন, "নতুন অভিনেত্রী শ্রেয়া কাজ করছেন, বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি। অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী হতাশায় আছেন, যারা সুযোগ পাচ্ছেন না। আমি আমার জায়গা থেকে একটু হলেও কনট্রিবিউট করতে চাই।"
২০১০ সালে অভিনয়জীবন শুরু করা তৌসিফ মাহবুব ২০১৩ সালের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।