লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরে তার সঙ্গে রয়েছেন সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সফরে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ সরকারের সিনিয়র মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)–র মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে, অধ্যাপক ইউনূসকে “কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হবে। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তার আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘দ্য কিংস ফাউন্ডেশন’। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা ১১ জুন চ্যাথাম হাউসে (রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) এক বিশেষ ভাষণ দেবেন। সেখানে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান ও ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে বক্তব্য রাখবেন।
সফরের শেষ দিন ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সরকারের একজন উপদেষ্টা নিশ্চিত করেছেন।
এদিকে, যুক্তরাজ্যে অবস্থানকালে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর খবরে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ নিয়ে “ভুল বোঝাবুঝির” অবসান ঘটাতে তিনি এই সাক্ষাৎ চান। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো চিঠি তারা পাননি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে ১৪ জুন।