ক্যান্সারকে পরাজিত করে অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরলেন নিক ম্যাডিসন
প্রাণঘাতী ক্যান্সারকে জয় করে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করলেন নিক ম্যাডিসন। তার ফুসফুস ও লসিকা গ্রন্থিতে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ চিকিৎসার পর প্রায় দেড় বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন এই বাঁহাতি ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের এপ্রিল মাসে ম্যাডিসনের শরীরে টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়েছিল, যা দ্রুত ছড়িয়ে পড়ে। গত জুলাইয়ে তার কেমোথেরাপি শেষ হয়। চূড়ান্ত চিকিৎসা শেষ হওয়ার মাত্র আট সপ্তাহ পরেই ক্রিকেটে ফেরার সবুজ সংকেত পান। এর আগে ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি যুবরাজ সিং ক্যান্সারকে জয় করে জাতীয় দলে ফিরেছিলেন। ম্যাডিসন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। গত রবিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি (১২৬ রান) করেন। এর আগে বিগ ব্যাশ লিগেও কয়েকটি ম্যাচ খেলেছিলেন। তবে সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় দশ বছর আগে, ২০১৬ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন। ৩৪ বছর বয়সী ম্যাডিসনকে দলে নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘নিক মিডল অর্ডারে আমাদের ব্যাটিং লাইনআপে দারুণ বৈচিত্র্য এনে দেবে।’ উল্লেখ্য, আগামী ৯ আগস্ট থেকে ডারবানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আঙুলের ইনজুরির কারণে জশ ইংলাসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তার বিকল্প হিসেবে ম্যাডিসনের সঙ্গেই দলে ডাক পেয়েছেন আনক্যাপড উইকেটকিপার স্যাম হার্পার। ক্যান্সার জয়ের এমন নজিরবিহীন গল্প এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে।