জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ফখরুল
অন্তর্বর্তী সরকারের জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ থেকে স্পষ্ট যে, দীর্ঘ এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা অর্থহীন ছিল। এটি সময় ও সম্পদের অপচয়, প্রহসন এবং জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।”
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যে কোনো আদেশ বা আইনি বৈধতা পাওয়ার জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর অপরিহার্য।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিকভাবে ও জোরপূর্বক জাতির ওপর চাপানো হচ্ছে।তিনি বলেন, যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার কিছু দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে।
ফখরুলের দাবি, প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে— দফাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা তাঁর ভাষায় “গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।