হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হেলিকপ্টারটি ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হয়। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন পানিতে তাদের খুঁজে পেয়ে দুজন ক্রু সদস্যকে উদ্ধার করে। প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখনো জানা যায়নি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে।

এটি ইরানি হামলায় ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত প্রতিবেদন জানানো হবে।তিনি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।’

ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে এবং ৮ এপ্রিল ঘোষণা হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে ফিরে গেছে।ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় তাদের দুজন বিমান প্রতিরক্ষা সদস্য নিহত হয়েছেন। তাদের জানাজা মঙ্গলবার দুপুরে তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধের পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের বেশিরভাগ বাড়তি মূল্য হারায়। এর আগে দুই দেশের পাল্টা হামলার কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল।তবে ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যায়, তাহলে তারা আবার সংঘর্ষ শুরু করবে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের শহর টাইরের বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে, সম্ভাব্য হামলার আশঙ্কায়। এই নির্দেশে শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে এই ধরনের সতর্কতার বাইরে ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই এলাকায় হিজবুল্লাহ সদস্যরা সক্রিয় রয়েছে, তবে এর কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।

 


 

All Categories