ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ফিরবে : মির্জা ফখরুল

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যদিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সকালে সিলেট আসেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমরা আশাবাদী, সেই লড়াইয়ের সফল পরিণতি ঘটবে ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সে আলোচনার ভিত্তিতে আমরা বিশ্বাস করি, দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে, দেশ রাইট ট্র্যাকে উঠবে।

জুলাই ও আগস্ট মাসের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, ‘শহীদ ও আহতদের প্রতি বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, সম্মান ও সহানুভূতি জানাই।

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি বহু নিপীড়নের শিকার হয়েছে। তবুও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে আমরা একচুলও সরে দাঁড়াব না।

বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

All Categories