‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ, তবে শর্ত একটা

‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ, তবে শর্ত একটা

বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ আবারও আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা ‘ডন ৩’ নিয়ে নতুন করে জোরালো গুঞ্জন ছড়িয়েছে নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান। তবে এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হয়ে পর্দায় ফিরতে একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন বলিউড বাদশাহ।

ভারতের একাধিক সংবাদমাধ্যম ও নিউজ এইট্টিনের খবরে বলা হয়েছে, শাহরুখ খান চান তাঁর সুপারহিট ছবি ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি কুমারকে ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত করতে। শাহরুখের ধারণা, দক্ষিণী ঘরানার এই নির্মাতা যুক্ত হলে সিনেমার পরিসর যেমন বড় হবে, তেমনি নতুন প্রজন্মের দর্শকের আগ্রহও আরও বাড়বে।

তবে শাহরুখের এই শর্ত নিয়ে এখন পর্যন্ত ‘ডন’ সিরিজের নির্মাতা ফারহান আখতারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ‘ডন ৩’-এর নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও পরে তিনি নিজেই প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই শাহরুখ খানের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রণবীর বর্তমানে সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে গ্যাংস্টার ঘরানায় নিজের উপস্থিতি জানান দেওয়ায়, আপাতত একই ধরনের চরিত্রে অভিনয় করতে চান না তিনি।

নায়ক নির্বাচন ছাড়াও নায়িকা নির্বাচন নিয়েও জটিলতায় পড়েছেন ফারহান আখতার। ‘ডন ৩’-এর জন্য একজন শক্তিশালী, অ্যাকশননির্ভর চরিত্রে স্বচ্ছন্দ অভিনেত্রী খুঁজছেন তিনি। শুরুতে কিয়ারা আদভানি স্ক্রিপ্ট পছন্দ করলেও শেষ পর্যন্ত ছবিটিতে রাজি হননি। পরে কৃতি শ্যাননের নাম আলোচনায় এলেও সেখান থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এরপর ফারহান আখতার নিজেই দীপিকা পাড়ুকোনের নাম সামনে আনেন। তাঁর মতে, এই চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী প্রয়োজন, যাঁর অ্যাকশন দৃশ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে সাবলীলতা আছে যে দিক থেকে দীপিকা অন্যদের তুলনায় এগিয়ে। তবে দীপিকাই চূড়ান্ত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে সম্প্রতি মা হওয়া, নিজের প্রযোজনা সংস্থার কাজ এবং কর্মঘণ্টা ও পারিশ্রমিক সংক্রান্ত আলোচনায় জড়িয়ে পড়ায় দীপিকার সময়সূচি নিয়েও প্রশ্ন উঠেছে। এসব কারণে একাধিক ছবি নাকি তাঁর হাতছাড়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে সেলিম খান–জাভেদ আখতার জুটির হাত ধরে প্রথম ‘ডন’ চরিত্রটি পর্দায় আসে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখ খানের হাত ধরে নতুন রূপে ‘ডন’ ফিরে আসে এবং ব্যাপক সাফল্য পায়। ২০১১ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল। দুই বছর আগে ‘ডন ৩’ তৈরির ঘোষণা এলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তখন সরে দাঁড়ান শাহরুখ। সে সময় তাঁর অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও দেখা যায়।

All Categories