‘দাদাগিরি’র সঞ্চালক এবার দেব?
ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। আর এবার সবচেয়ে বড় চর্চা—শোয়ের সঞ্চালকের আসনে কাকে দেখা যাবে?২০০৯ সালে শুরু হওয়া ‘দাদাগিরি’ প্রথম থেকেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী তার নিজস্ব উপস্থাপনা ভঙ্গিতে অনুষ্ঠানটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। শুধু তৃতীয় সিজনে সৌরভের জায়গায় মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করেছিলেন।
তবে দর্শকদের জোরালো দাবিতে চতুর্থ সিজন থেকেই আবার ফিরিয়ে আনা হয় সৌরভকে।এরপর গেল বছর শোনা যায়, সৌরভ দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে জি বাংলা ছেড়ে স্টার জলসার সঙ্গে যুক্ত হয়েছেন। এর পর থেকেই ‘দাদাগিরি’র ভবিষ্যৎ সঞ্চালক কে হবেন, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা।
কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কখনো জিৎ, আবার কখনো লিয়েন্ডার পেজ—বিভিন্ন নাম সামনে এলেও এবার সবচেয়ে বেশি শোনা যাচ্ছে অভিনেতা, সাংসদ দেবের নাম।ভারতীয় একাধিক গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে।এমনকি এ বিষয়ে মুখ খুলেছেন সৌরভ নিজেও। তিনি বলেন, ‘শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে।
সবারই নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভ কামনা। আশা করছি, দেব নতুন কিছু করবে।’দেব বর্তমানে টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা। অভিনয়, প্রযোজনা—দুই ক্ষেত্রেই সফল তিনি।এবার পরিচালনাতেও নাম লেখাতে যাচ্ছেন। তার পরবর্তী ছবি ‘দেশু ৭’ নিয়ে ভোটের পরই ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এই ছবিতে সপ্তমবারের মতো শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে জুটি বাঁধবেন দেব।
জুন, জুলাই ও আগস্ট—তিন মাস ধরে চলবে ছবির শুটিং। ফলে সময়সূচির ব্যস্ততার মাঝেও যদি দেব ‘দাদাগিরি’র দায়িত্ব নেন, তাহলে তা দর্শকদের জন্য বড় চমকই হবে।তবে এখন পর্যন্ত জি বাংলা কিংবা দেব, কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই আপাতত দর্শকদের অপেক্ষা করতেই হচ্ছে।