চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৮

চীনের দুর্গম তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার রাতে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল নাগচু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে, পার্বত্য এলাকায়; তিব্বতের আঞ্চলিক রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ধসে পড়ার খবর মিলেছে। উদ্ধার ও সহায়তার কাজে মোতায়েন করা হয়েছে ৩০০-র বেশি পুলিশ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কম্পনের সময় রেস্তোরাঁ থেকে মানুষ আতঙ্কে বাইরে ছুটে আসছেন, আর সুপারমার্কেটের তাক থেকে জিনিসপত্র মেঝেতে পড়ে যাচ্ছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি হয়েছিল।

All Categories