‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ, নির্মাতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ, নির্মাতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের কয়েকটি পর্বে অশ্লীলতা ও সামাজিক অবক্ষয়ের অভিযোগ তুলে নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম) নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস হাউজের বিরুদ্ধে এই নোটিশ পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

নোটিশে বলা হয়েছে, নাটকটির সিজন–৫–এর প্রথম আট পর্বে এমন বহু সংলাপ রয়েছে, যা অশ্লীল, দ্ব্যর্থবোধক এবং কিশোর-তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। কিছু সংলাপ তরুণদের মুখে মুখে ফেরে, যা সামাজিক শালীনতা, নৈতিকতা ও নারীর মর্যাদার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

নোটিশে উদাহরণ হিসেবে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি শব্দ ও সংলাপকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইনজীবী মহি উদ্দিন বলেন, নাটকটি নির্মাতা দাবি করেছেন এটি সব বয়সের মানুষের উপযোগী। কিন্তু নাটকের ভাষা, উপস্থাপন এবং সংলাপ একে পরিবারবান্ধব বিনোদনের বাইরে নিয়ে গেছে। এতে সমাজের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর কোনো কনটেন্ট প্রচার করা আইনত দণ্ডনীয়। অথচ এই নাটকের বিতর্কিত সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠছে।

নোটিশে সাত কর্মদিবসের মধ্যে নাটকের সংশ্লিষ্ট বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে নোটিশে।

All Categories