বিএনপিতে যোগ দিতে চাইলে ঘোষণা দিয়ে আসতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কেউ সরাসরি বিএনপিতে যোগ দিতে পারবে না। তবে কেউ আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি কিংবা দলের ওপর কোনো নির্যাতনে জড়িত ছিলেন না এমন ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে আমীর খসরু বলেন, দীর্ঘদিন পর বিএনপির সদস্য সংগ্রহের এই উদ্যোগ একটি বড় সুযোগ। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে যোগ দেওয়াটা গর্বের বিষয়। এজন্য আনুষ্ঠানিকভাবে, সবার সামনে অনুষ্ঠান করে, ইউনিটভিত্তিকভাবে সদস্য সংগ্রহ করতে হবে। এ কার্যক্রম প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম দুটোই ব্যবহার করতে হবে।

সদস্য নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাঁরা সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতির সঙ্গে জড়িত তাঁদের দলে নেওয়া যাবে না। এসব ব্যক্তির কারণে দলের ভোট কমে যাবে। এ জন্য দায়িত্বশীলভাবে যাচাই করে সদস্য নিতে হবে।

বিএনপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা নয়, স্বচ্ছতা দরকার বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেউ বিএনপিতে যোগ দিতে চাইলে সেটা গোপনে করা যাবে না। ঘোষণা দিয়ে, প্রকাশ্যে বিএনপিতে যোগ দিতে হবে। কেউ যদি আগে আওয়ামী লীগের সমর্থক থাকেন কিন্তু আমাদের কার্যক্রমে বাধা দেননি, বরং সহযোগিতা করেছেন তাঁরা দলে আসতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

All Categories