বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না করলে ৪ ডিসেম্বর যমুনা ঘেরাও: বাম জোট

দেশের বন্দরসংশ্লিষ্ট বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বাতিল না করলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করা হবে—এ ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) আইনের ৩৪ ধারায় চুক্তির আগে শর্ত প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও চুক্তি হওয়ার পর তা প্রকাশে বাধা নেই। তবুও শর্ত গোপন রেখে সরকার জনস্বার্থকে উপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, শর্ত প্রকাশে অনীহা প্রমাণ করে চুক্তির মধ্যে এমন বিষয় আছে, যা জনগণের সামনে তুলে ধরতে সরকার সাহস পাচ্ছে না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, গোপনে চুক্তি করে ও তথ্য আড়াল রেখে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। তিনি প্রশ্ন তোলেন, যে দেশে চুক্তির শর্ত জনগণের সামনে প্রকাশ করা হয় না, সেখানে ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত হবে কীভাবে?

বন্দর ইজারা প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ, অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে বাসদ (মার্ক্সবাদী)–এর সমন্বয়ক মাসুদ রানা বলেন, সরকার আন্তর্জাতিক অঙ্গনে দেশের বন্দরগুলোকে ‘দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে উপস্থাপন করছে, যা ভবিষ্যতে দেশের জন্য ‘লজ্জাজনক অধ্যায়’ হয়ে দাঁড়াতে পারে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ২৪-এর চেতনার সঙ্গে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের প্রধান বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া আত্মঘাতী উদ্যোগ বলেও তিনি মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে বাম জোটের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

All Categories