বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা
ইন্দোনেশিয়ার বালিতে কাজের জন্য গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। গুরুতর আহত অবস্থায় তাকে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
নুসরাত পেশাগত কাজে বালিতে গিয়ে সফরটি আরও কয়েক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ছুটির সেই দিনগুলোতেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। দুর্ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাত পান এবং দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিনেত্রীর শরীরের কোন অংশে আঘাত লেগেছে এবং আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে নুসরাত সামাজিক যোগাযোগমাধ্যমে বালির চমৎকার সব ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলেন। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।
কাজের সূত্রে নুসরাত ভারুচা সম্প্রতি নতুন একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে প্রথমবারের মতো তাকে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটিতে আরও থাকবেন পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি ও ইউটিউবার এলভিস যাদব। নুসরাতকে সর্বশেষ দেখা গেছে কমেডি-থ্রিলার চলচ্চিত্র ‘উফফ ইয়ে সিয়াপা’তে।