আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে তেহরানে আবারও হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (স্থানীয় সময়) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি–র।

কাৎজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই— যদি আপনি ইসরায়েলের প্রতি হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের লম্বা হাত আবারও আরও শক্তি নিয়ে তেহরানে পৌঁছাবে। আর এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।

ইসরায়েলি প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাৎজের এই বক্তব্য হুবহু প্রকাশ করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন হুমকির পরও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য হুমকি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে।

গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল লক্ষ্য করে। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন উভয় পক্ষের মধ্যে ১২ দিনের জন্য সংঘাত স্থগিত হয়।

বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য শুধু আঞ্চলিক অস্থিরতাই নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলেও চাপের সৃষ্টি করতে পারে।

All Categories