আমাদের আচরণে-পারফরমেন্সে কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই: জামায়েত আমির

জামায়াত ইসলামীর নেতাকর্মীদের আচারণে কষ্ট পেয়ে থাকলে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষমা প্রার্থনা জানান।এর কয়েক ঘণ্টা আগেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেন।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর বলেন, আমাদের কোনো আচরণে, পারফরম্যান্সে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। সংগঠনের কোনো কর্মী বা দলের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।

তিনি বলেন, বিপদের সময় আমরা চেষ্টা করেছি দেশবাসীর পাশে থাকতে। শহীদ পরিবার, আহত-পঙ্গু ভাইবোনদের পাশে থেকেছি। তবে সীমাবদ্ধতার কারণে সব দায়িত্ব পালন সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে ‘পাতানো আদালত’ ও ‘মিথ্যা সাক্ষীর’ মাধ্যমে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে ‘জুডিশিয়াল কিলিং’-এর শিকার করা হয়েছে। তার দাবি, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার বইয়ে এ নিয়ে সত্য প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, নেতাদের নির্যাতনের জন্য “সেফ হোম” এবং মিথ্যা সাক্ষ্য দিতে লোক রাখার জন্য “সেফ হাউস” তৈরি করা হয়েছিল। আমরা এই পুরো বিচার প্রক্রিয়াকে বলছি “জেনোসাইড অব দ্য জাস্টিস”।

ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশবাসীর সমর্থন ও সহযোগিতায় যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের ওপর আসে, আমরা প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাব।

সংবাদ সম্মেলনের শেষ অংশে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি তিনি। শুধু বলেন, আজ আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না। আজকের সময়টা আমাদের জন্য ভিন্নরকম।

All Categories