আজ নতুন বন্ধু তৈরির দিবস
জীবনে পুরোনো বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম, তবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া ও বন্ধুত্ব গড়ে তোলাও আনন্দ, নতুন অভিজ্ঞতা এবং সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আজ ১৯ অক্টোবর নতুন বন্ধু দিবস। এই দিনটি নতুন সম্পর্কের সৌন্দর্য উদ্যাপন এবং বন্ধুত্বের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণের একটি বিশেষ উপলক্ষ।
২০১৯ সালের একটি সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ নতুন বন্ধু তৈরি করতে দ্বিধা বোধ করেন। সেই সময় গড়ে একজন মার্কিন নাগরিক গত পাঁচ বছরে নতুন কোনো বন্ধু তৈরি করেননি বলে উঠে আসে। পরবর্তী সময়ে করোনাভাইরাস অতিমারিও নতুন সম্পর্ক গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে এবং অনেকের পুরোনো বন্ধুত্বেও দূরত্ব তৈরি হয়।
তবে নতুন বন্ধুত্ব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক মানসিক সুস্থতা, সুখ ও দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত। তাই পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও কাজে লাগানো উচিত।
নতুন বন্ধুত্ব গড়ে তোলার জন্য অফিসের সহকর্মী, নতুন প্রতিবেশী কিংবা নিয়মিত দেখা হয় এমন কারও সঙ্গে কথোপকথন শুরু করতে পারেন। সুযোগ বুঝে এক কাপ কফির আমন্ত্রণও জানানো যেতে পারে।
নতুন শখের সঙ্গে যুক্ত হওয়াও বন্ধুত্ব গড়ে তোলার সহজ উপায়। পাখি দেখা, ফটোগ্রাফি, বাগান করা কিংবা সাইকেল চালানোর দলের সঙ্গে যুক্ত হলে একই আগ্রহের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেলে। অন্যের কথা মন দিয়ে শোনা এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়েও সম্পর্ক গভীর হতে পারে।
বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি কয়েকটি সিনেমা নতুন কোনো বন্ধুর সঙ্গে একসঙ্গে দেখা যেতে পারে। তালিকায় রয়েছে স্ট্যান্ড বাই মি (১৯৮৬), দ্য ফোর অ্যাডভেঞ্চার্স অব রেইনেট অ্যান্ড মিরাবেল (১৯৮৭), লুকা (২০২১) এবং বিচেস (১৯৮৮)। এই ছবিগুলিতে বন্ধুত্ব, পারস্পরিক গ্রহণযোগ্যতা এবং সময়ের সঙ্গে সম্পর্কের পরিবর্তনের নানা দিক তুলে ধরা হয়েছে।
শিশুদের সঙ্গে ‘মেক নিউ ফ্রেন্ডস (বাট কিপ দ্য ওল্ড)’ গানটিও গাইতে পারেন। গানটির বার্তা হলো, নতুন বন্ধু তৈরি করার পাশাপাশি পুরোনো বন্ধুত্বের যত্ন নেওয়াও জরুরি।
নতুন বন্ধু দিবস মনে করিয়ে দেয়, বন্ধুত্বের জন্য সব সময় বিশেষ কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। আন্তরিক কথোপকথন, অন্যের প্রতি আগ্রহ এবং একে অপরকে বোঝার চেষ্টা থেকেই শুরু হতে পারে সুন্দর একটি সম্পর্ক।