যুক্তরাষ্ট্রের জব্দের চেষ্টা ব্যর্থ, নিরাপদে বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ওমান সাগরে যুক্তরাষ্ট্রের একটি জব্দের চেষ্টা ব্যর্থ করে দিয়ে হরমুজ প্রণালি হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট সরাসরি পাহারা দিয়ে জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, ওমান সাগরে জাহাজটিকে থামিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে মার্কিন নৌবাহিনী। তবে ইরানি নৌ ইউনিটের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

চালবাহী জাহাজটি পরে অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে নির্ধারিত বন্দরে পৌঁছে নোঙর করেছে বলে জানানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ ঘটনাকে অঞ্চলজুড়ে বাড়তে থাকা সামুদ্রিক উত্তেজনার অংশ হিসেবে দেখছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানমুখী সমুদ্রপথে পণ্য পরিবহনে অবরোধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ অন্তত ২৬টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এ ছাড়া ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়ে দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।

১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধ পরিস্থিতির মধ্যে সামুদ্রিক গুরুত্বপূর্ণ পথগুলোতে যুদ্ধজাহাজের উপস্থিতি ও মুখোমুখি অবস্থান বেড়েই চলেছে।

All Categories