যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার বাধা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্র উভয়পক্ষই যুদ্ধের কূটনৈতিক সমাধান চাচ্ছে। তবে দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে। আলোচনায় অচলাবস্থার পেছনে রয়েছে সময়ের ভিন্ন ধারণা, রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য এবং গভীর অবিশ্বাস।
গত ১৮ মাসে দুই দফা ব্যর্থ আলোচনা যুদ্ধের দিকে গড়িয়েছে। জুনের সমঝোতা স্মারক বা এমওইউ কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়ে এবং আবার উত্তেজনা বাড়ে। বর্তমান কূটনৈতিক প্রচেষ্টাও যদি অচলাবস্থায় শেষ হয়, তবে কয়েক সপ্তাহের মধ্যেই আবার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ব্যর্থতার একটি কারণ হলো, দুইপক্ষ আলোচনার সময়সীমাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে।
কার্নেগি এনডাওমেন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক করিম সাজাদপুরের মতে, ট্রাম্প দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চান। আলোচনা ধীরগতির হলে তিনি অধৈর্য ও হতাশ হয়ে পড়েন। অন্যদিকে, ইরানের আলোচনার ধরন অনেক ধীর এবং তারা সময়ক্ষেপণকে কৌশল হিসেবে বিবেচনা করে। ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যা ইরান অত্যন্ত সংক্ষিপ্ত ও অবাস্তব হিসেবে দেখেছিল।
চলতি বছরের ফেব্রুয়ারির আলোচনাও প্রায় তিন সপ্তাহ স্থায়ী হয়েছিল। এত অল্প সময়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রায় শূন্য ছিল। ট্রাম্প রাজনৈতিকভাবে আলোচিত বড় ধরনের চুক্তি পছন্দ করেন, যা যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আনবে।
অন্যদিকে, ইরান অপেক্ষাকৃত সীমিত ও লেনদেনভিত্তিক চুক্তি চায়। তারা সরাসরি আলোচনার বদলে পরোক্ষ আলোচনা কিংবা যতটা সম্ভব কম প্রচারের মধ্যে সমঝোতা করতে আগ্রহী। করিম সাজাদপুর বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নিজেদের চুক্তি সম্পাদনকারী হিসেবে দেখে, কিন্তু ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে আপসকারীর ধারণাটিকে নেতিবাচকভাবে দেখা হয়।
ইরানের নেতারা ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে কখনোই আগ্রহী ছিলেন না। সরাসরি আলোচনা হলে পরিস্থিতির ফল ভিন্ন হতে পারত বলেও তিনি মনে করেন। দুই দেশের আলোচনায় সবচেয়ে মৌলিক বাধা হলো পারস্পরিক অবিশ্বাস। ইরানের দাবি, আলোচনার মাঝখানে দুইবার তাদের সঙ্গে প্রতারণা করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, জুন ২০২৬-এর সমঝোতা স্মারক স্বাক্ষরের কয়েক দিন পর হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়ে ইরানই চুক্তি লঙ্ঘন করেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং সরকারের ভেতরের কট্টরপন্থিরা কোনও চুক্তি মেনে চলবে কিনা, তা নিশ্চিত করা কঠিন।
আলোচনাকে ঘিরে দুই দেশেই রয়েছে তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। ইরানের আলোচনাকারী দল এবং সরকারের ভেতরের চুক্তি-সমর্থকরা দেশে নিয়মিত সমালোচনার মুখে পড়ছেন। এতে আলোচনার টেবিলে তাদের অবস্থান আরও কঠোর হয়েছে।
ট্রাম্প ও তার আলোচনাকারীরাও ডানপন্থীদের কাছ থেকে চুক্তি না করার চাপ পাচ্ছেন। বিশেষ করে এমন কোনও চুক্তি হলে, যা যুদ্ধের আগের পরিস্থিতি ফিরিয়ে আনে। এই রাজনৈতিক সমালোচনার কারণে গত ১৮ মাসে ট্রাম্প কয়েকবার তুলনামূলক নমনীয় অবস্থান থেকে সরে এসেছেন।
হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও কূটনৈতিক সমাধানের পক্ষে রয়েছেন। তবে ট্রাম্প নিজে এ বিষয়ে আগের তুলনায় বেশি সংশয়ী বলে তার সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
বৃহস্পতিবার প্রকাশিত ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যে পদক্ষেপ নিতে প্রস্তুত, তা তার কাছে যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে কিনা, তা নিয়ে তিনি সন্দিহান।
অন্যদিকে, বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান কখনও সংলাপ থেকে পালায়নি এবং ভবিষ্যতেও পালাবে না। তবে জুনের সমঝোতা স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র তিনবার ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির বুশ স্কুল অব গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সার্ভিসের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আয়াতুল্লাহি তাবার ‘ফরেন অ্যাফেয়ার্স’ সাময়িকীতে লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি ও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে।