যে কারণে সিনেমা ছেড়ে দেবেন অনন্ত জলিল

যে কারণে সিনেমা ছেড়ে দেবেন অনন্ত জলিল

অভিনয়ে তেমন সাফল্য না পেলেও ব্যবসায়ী ও প্রযোজক হিসেবে ঢালিউডে বেশ কিছু আলোচিত ছবি উপহার দিয়েছেন অনন্ত জলিল। অন্য প্রযোজকের সিনেমাতেও নায়ক হয়েছেন তিনি। তবে আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্রকে বিদায় জানাবেন। তাঁর ভাষায়, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে, আর তাদের বাবা-মা সিনেমা করে এটা ভালো দেখায় না।

অনন্ত বলেন, আমাদের হাতে দুই-তিনটা মুভি আছে, সেগুলো শেষ করব। আমার দুই ছেলে আছে। বড় ছেলে এখন আট পারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের বয়স সাড়ে সাত, আরেকজনের সাড়ে ১০ বছর। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই নিয়ত করেছিলাম, আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একসময় ওরা মদিনায় পড়াশোনা করবে।

ছেলেদের পড়াশোনার প্রসঙ্গে অনন্ত জানান, তারা মানারাতে পড়ছে। এখানে ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও আছে। ওরা জোহরের নামাজের পর স্কুল থেকে ছুটি পায়। বাসায় এসে টিউটর পড়ে, এরপর মাদ্রাসায় যায়। আসলে ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত।

নায়ক-নায়িকা জুটি হিসেবে দীর্ঘদিনের সঙ্গী বর্ষার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। অনন্ত বলেন, যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করছে, ওদের আম্মু সিনেমা করলে ওদের ভালো লাগবে না।

সবশেষ অনন্ত জলিলকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘নেত্রী: দ্য লিডার’। অনন্ত–বর্ষা অভিনীত এ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল নিজে।

All Categories