যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের পেছনে সরকার নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যারা মব গঠন করে সহিংস পরিস্থিতি তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না।

শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলন’-এ শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তারেক রহমান বলেন, পুরান ঢাকায় যাকে স্ক্রিনে হত্যা করতে দেখা গেছে, তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? আমরা কি তাহলে ধরে নেব, সরকার ও প্রশাসনের কোনো অংশ এ ধরনের ঘটনার পেছনে প্রশ্রয় দিচ্ছে?

তিনি আরও বলেন, এই সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। অথচ দেখা যাচ্ছে, যারা মব তৈরি করছে, সহিংসতা ছড়াচ্ছে, তাদের ধরার কোনো উদ্যোগ নেই। সরকার ব্যর্থ কেন—এই প্রশ্ন আজ সারাদেশের মানুষের।”

বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান হচ্ছে। প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচারের ভূত ঘুরে বেড়াচ্ছে। নতুন নতুন ভূতের জন্ম হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে, না হলে দেশকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, “যেই অন্যায় করুক, বিএনপি কারও পক্ষ নেবে না। আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের অধিকার রক্ষায় এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে বিএনপি সর্বোচ্চ উদ্যোগ নেবে।

All Categories