ভূমিকম্পের পর জেগে উঠল আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে অস্বাভাবিক কার্যকলাপ দেখা দিয়েছে। এরই মধ্যে আগ্নেয়গিরিটি থেকে ৩ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে। যে কোনো সময় লাভার উদগিরণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৩০ জুলাই) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে এবং বিস্ফোরকভাবে ছাই নির্গমন ঘটছে। ছাইয়ের স্তম্ভ ইতিমধ্যে আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার পূর্বে পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট বলছে, ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৮ কিলোমিটার (৪.৯ মাইল) উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। এ অবস্থায় নিচু উচ্চতায় চলাচলকারী বিমানগুলোর জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে আঞ্চলিক বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। ‘কমলা রঙের’ সতর্কতা সংকেত ব্যবহার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা বিপদের দ্বিতীয় সর্বোচ্চ স্তর।
ইনস্টিটিউট আরও জানিয়েছে, আগ্নেয়গিরির গর্ত প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে এবং লাভা প্রবাহের আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে বুধবার সকালে কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরে এর মাত্রা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়। ভূমিকম্পের পর ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার সুনামি সৃষ্টি হয়, যা রাশিয়ার উপকূলে আঘাত হানে।
রাশিয়ার পাশাপাশি জাপানেও সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।