ভেনেজুয়েলায় ক্ষমতার রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব: ট্রাম্প

ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’ এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জনগণের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। তাঁর ভাষায়, ‘উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন’। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফা সামরিক অভিযানের প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে। এসব কোম্পানি দেশটির ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে এবং এর মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনীতিতে আয় আসতে শুরু করবে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার তেল খাত কার্যত অচল হয়ে পড়েছে।

শনিবার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়। সফল অভিযান পরিচালনার জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, গত রাতে মার্কিন বাহিনী যা করেছে, পৃথিবীর আর কোনো দেশ তা করতে পারেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বন্ডি লেখেন, খুব শিগগিরই তাঁরা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি হবেন।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় ২০ শতাংশ।

ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র কীভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি বলেছেন, একটি ‘গ্রুপ’ এ দায়িত্ব পালন করবে। ওই গ্রুপে ভেনেজুয়েলার ভেতর থেকে কারা থাকবেন এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প দাবি করেন, রদ্রিগেস যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে চলতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যের পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ডেলসি রদ্রিগেস বলেন, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোই একমাত্র প্রেসিডেন্ট এবং সরকার নিজেদের রক্ষায় প্রস্তুত।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র ‘বড় ধরনের হামলা’ চালায় বলে জানানো হয়। পরে মাদুরো দম্পতিকে আটক করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ইও জিমায় নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

All Categories