ভারতের প্রতিক্রিয়া: ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ভুয়া’

ভারতে সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর বেশ কয়েকজন বিশ্বনেতার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে নাকচ করে দিয়ে এসব খবরকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উল্লেখ করেছে।

বিতর্কিত পোস্টগুলোর মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এর একটি পোস্টও অন্তর্ভুক্ত ছিল। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরই এই বিতর্কের সূত্রপাত ঘটে।

প্রেসিডেন্ট রামাফোসার কার্যালয় থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকের বিশ্রামের পরামর্শ পাওয়ার পর তিনি ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে দেশে ফিরে এসে সব ধরনের জনসমক্ষে কার্যক্রম থেকে আপাতত বিরত রয়েছেন।

এছাড়াও, যাচাইবিহীন কিছু পোস্টে দাবি করা হয়েছে যে, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং অসুস্থ বোধ করায় সম্মেলন শেষ হওয়ার আগেই সম্মেলনস্থল ত্যাগ করেছিলেন। এই দাবি প্রথম উত্থাপন করেন ‘চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন সিয়ে। তবে চীন বা ভারত কোনো দেশের সরকার বা নির্ভরযোগ্য কর্মকর্তা এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।

বেইজিং ও নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট শি চিনপিং সফলভাবে গত ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন, তবে সম্মেলনের প্রথম দিনে মোদির দেয়া নৈশভোজে অংশ নেননি শি চিনপিং।

All Categories