ভারত-পাকিস্তান উত্তেজনায় অনিশ্চিত বাংলাদেশ দলের পাকিস্তান সফর

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। এরই মধ্যে ক্রিকেটেও পড়তে শুরু করেছে এর প্রভাব। সামরিক উত্তেজনার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য থেকে বিরত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকব। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত লাহোর ও ফয়সালাবাদে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল।

বুধবার রাতে ভারত পাকিস্তানের ভেতরে বিমান ও মিসাইল হামলা চালালে দেশ দুটির মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়। এর জেরে বিসিবি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা জাতীয় দলের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, আমাদের দুই ক্রিকেটার ভালো আছে। নিরাপত্তা নিয়ে তারা কেউ উদ্বিগ্ন না। বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।

রিশাদ শুরু থেকেই খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন পেসার নাহিদ রানা। বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পিএসএল সিইও সালমান নাসিরের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

ভারতের হামলার পরও পাকিস্তান সুপার লিগ বন্ধ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়েই চলমান রয়েছে টুর্নামেন্ট। তবে দেশটির বিমান পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকায় আন্তর্জাতিক ক্রিকেটারদের ফিরে যাওয়ার সুযোগ আপাতত নেই। পরিস্থিতি বিবেচনায় ম্যাচ ভেন্যু বদল করে ৭–১০ মে রাওয়ালপিন্ডিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

বিসিবির এক কর্মকর্তা জানান, পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটারদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে টাইগারদের সফর হবে কি না। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যেসব দেশ নিরাপত্তা নিয়ে বেশি সতর্ক, তাদের ক্রিকেটাররাও খেলছে পিএসএলে। তারা থাকছে নাকি চলে যাচ্ছে সেদিকেই নজর রাখছি। বিদেশিরা চলে গেলে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

পাকিস্তানের জিও টিভির ক্রীড়া সাংবাদিক সোহেল ইমরান জানিয়েছেন, লাহোরে সামরিক হামলার কারণে উদ্বেগ থাকলেও এখন পর্যন্ত পিএসএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছে পিসিবি। তাঁর ভাষায়, এখনো কেউ নিশ্চিত নয় সামনে কী ঘটতে যাচ্ছে। তবে বাংলাদেশ সিরিজ শুরুর আগে হাতে সময় আছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।

All Categories