রবিবার রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উত্তাপ ছড়াচ্ছে এল ক্লাসিকো

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি এল ক্লাসিকো আবারও দোরগোড়ায়। রবিবার রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তিন পয়েন্টের পাশাপাশি এই ম্যাচে মর্যাদার প্রশ্নও জড়িয়ে থাকে।

দুই দলের প্রথম দেখা ১৯০২ সালে, কোপা দে লা করোনাসিওনে। মাদ্রিদের লা কাস্তেয়ানা হিপোড্রোমে সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল বার্সেলোনা। ১৯২৯ সালের ১৭ ফেব্রুয়ারি লা লিগায় প্রথম লড়াইয়ে রাফায়েল মোরেরার জোড়া গোলে ২-১ ব্যবধানে জেতে রিয়াল।

স্প্যানিশ ভাষায় ‘এল ক্লাসিকো’ মানে ‘ক্ল্যাসিক’ বা চিরায়ত লড়াই। ষাটের দশকে স্থানীয় এক পত্রিকায় শব্দটির প্রথম ব্যবহার দেখা যায়। গার্দিওলা-মরিনহোর কৌশলগত দ্বৈরথ এবং মেসি-রোনালদোর প্রতিযোগিতা গত দুই দশকে এই ম্যাচের রোমাঞ্চ বাড়িয়েছে।

মাঠের বাইরেও এর শিকড় অনেক গভীর। কাতালান পরিচয়ের প্রতীক হিসেবে পরিচিত ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বার্সেলোনা, আর রিয়াল মাদ্রিদকে অনেকে দেখেন স্প্যানিশ জাতীয়তাবাদের প্রতীক হিসেবে। ১৯৩০-এর দশকের রাজনৈতিক বিভাজন এই বৈরিতাকে আরও তীব্র করে।

পরিসংখ্যানে দুই দল সমান: ১০৬টি করে জয়, ড্র ৫২টি। গত পাঁচ বছরে বার্সা জিতেছে ১০টি, রিয়াল ৯টি। সর্বশেষ ১০ দেখায় বার্সার জয় ছয়টি, রিয়ালের চারটি।

এবার অবশ্য কিছুটা এগিয়ে থেকেই নামছে বার্সেলোনা। লা লিগায় প্রথম ৯ ম্যাচের সবকটিতে জিতে তারা শীর্ষে। দুটি ম্যাচ হারা রিয়াল তিনে, ব্যবধান ছয় পয়েন্ট। গত ১০ মে সর্বশেষ এল ক্লাসিকোতে ২-০ গোলে জিতে লিগ শিরোপা ধরে রেখেছিল কাতালানরা।

All Categories