১০ ওভারের সীমা পেরিয়ে ১১ ওভার! আফগান অধিনায়কের বিরুদ্ধে আফগান বোর্ডকে চিঠি বিসিবির

যুব ওয়ানডেতে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারেন। অথচ বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সোহেল খান ১১ ওভার বোলিং করেছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি। একই সঙ্গে ম্যাচের কয়েকটি আম্পায়ারিং সিদ্ধান্তেও আপত্তি জানানো হয়েছে।

বুধবারের ওই ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হান্নান সরকার জানান, অধিনায়কের প্রতিবেদনে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত নিয়ে আপত্তির পাশাপাশি ১১ ওভারের বিষয়ে আলাদা একটি নোটও যুক্ত করা হয়েছে। তাঁর ভাষ্য, নিয়মিত প্রতিবেদন ফরমে এমন ঘটনার জন্য আলাদা জায়গা নেই, তাই সিদ্ধান্তের তালিকার পর বাড়তি নোট দিতে হয়েছে।

বাংলাদেশের কর্মকর্তারা ম্যাচ রেফারি ইয়াসির লতিফজাইয়ের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে ভুল আম্পায়ারিং সিদ্ধান্ত এবং আফগান অধিনায়কের বাড়তি ওভারের বিষয়টি তুলে ধরেন।

হান্নান জানান, সোহেল আফগানিস্তানের প্রধান স্ট্রাইক বোলার। অফিশিয়াল স্কোরারের তথ্য সরাসরি না পাওয়ায় বাংলাদেশ দল টিম ম্যানেজারের ফোনে অনলাইন স্কোরকার্ড দেখে বোলারদের ওভার হিসাব করছিল। তাদের বিশ্লেষকের হিসাবে সোহেল ১০ ওভার শেষ করার পর আরেকটি ওভার শুরু করেন। আম্পায়ারদের জানানোর আগেই ওভারটি শেষ হয়ে যায়।

ঘটনার ভিডিও ফুটেজ ম্যাচ রেফারির কাছে পাঠানো হয়েছে। হান্নানের ব্যাখ্যায়, এক বোলার প্রথমে আম্পায়ারের কাছে ক্যাপ দিয়ে পরে তা ফেরত নেন এবং অধিনায়ক নিজেই বল করতে আসেন। স্কোরার তা খেয়াল না করায় ওভারটি ভুল করে ওই বোলারের নামে লেখা হয়, ফলে সোহেলের নামে ১০ ওভারই দেখা গেছে।

এ ছাড়া এলবিডব্লিউ ও ক্যাচের আবেদন নাকচ হওয়াসহ কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট বাংলাদেশ। বিসিবির এক কর্মকর্তা বলেন, সিরিজে যা ঘটেছে তা আফগান বোর্ডকে জানাতে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

All Categories