ট্রেনে সীমান্ত পেরিয়ে চীনে গেলেন কিম, যোগ দেবেন সামরিক কুচকাওয়াজে
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বিশেষ সাঁজোয়া ট্রেনে করে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন উপলক্ষে আয়োজিত ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তিনি এই সফরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ।
রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের বুলেটপ্রুফ ট্রেন থেকে সহযোগীদের সঙ্গে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন কিম। এ ট্রেনটিই সম্ভবত সেই বুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা দিয়ে তিনি অতীতে চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশে ভ্রমণ করেছিলেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, কিম গতকাল সোমবার পিয়ংইয়ং থেকে রওনা হয়ে আজ ভোরে চীন সীমান্ত অতিক্রম করেন।
আগামীকাল বুধবার তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজে কিম ছাড়াও উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আরও কয়েকজন বিশ্বনেতা। এটি কিমের প্রথম কোনো বহুপাক্ষিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। কুচকাওয়াজে মিয়ানমার, ইরান, কিউবাসহ ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেবেন বলে জানা গেছে।
১৯৫৯ সালের পর এটাই প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন। ২০১৫ সালে কিমের ঘনিষ্ঠ সহযোগী চোয়ে রিয়ং হে পিয়ংইয়ংয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
৭০ মিনিটব্যাপী এ কুচকাওয়াজে হাজার হাজার চীনা সেনা অংশ নেবেন। প্রদর্শিত হবে চীনের আধুনিক ট্যাঙ্ক, ড্রোনবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এবং শত শত যুদ্ধবিমান। এটি চীনের নতুন সেনা কাঠামোর প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।