টঙ্গীতে চাকরির সাক্ষাৎকারে এসে ছাত্রলীগের সাবেক নেত্রী আটক

গাজীপুরের টঙ্গী এলাকায় চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসীকে আটক করেছে ছাত্রদলের কিছু নেতা-কর্মী। রোববার সন্ধ্যায় সমবায় কমপ্লেক্স এলাকায় তাকে আটক করে পুলিশকে হস্তান্তর করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ইউএস-বাংলা নামক প্রতিষ্ঠানে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে আসার সময় তানিয়াকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ কয়েকজন চিনে ফেলেন। এরপর তারা তাকে আটক করে থানায় দেন।

তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক গোপালগঞ্জের পরিস্থিতিতে তিনি হকিস্টিক হাতে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন।

ওসি আরিফুর রহমান জানান, তানিয়া সাক্ষাৎকার দিতে টঙ্গীতে এসেছিলেন এবং তাকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

All Categories