ইসরায়েলের হামলায় গাজার পরিবেশ বিপর্যস্ত
ইসরায়েলের সামরিক হামলার ফলে গাজা উপত্যকায় পরিবেশ দূষণের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে, যা ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রাকে বিপন্ন করেছে। অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির সতর্কতায় বলা হয়েছে, এই দূষণের প্রভাব দীর্ঘদিন স্থায়ী হতে পারে।
দুই সংস্থার যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের হামলার কারণে গাজায় ভারী ধাতু, বিস্ফোরক অবশিষ্টাংশ, ধংসপ্রাপ্ত ভবনের অ্যাসবেস্টস ও বর্জ্যের ছড়াছড়ি হয়েছে, যা বাতাস, মাটি ও পানির মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার জানিয়েছেন, গাজার উপর ইসরায়েলের চলমান সামরিক অভিযান পরিবেশগতভাবে একটি যুদ্ধাপরাধের চিহ্ন বহন করছে এবং এটি বর্তমানে ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি আরও বলেন, পরিবেশের এই ধ্বংস ও দূষণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা দূষিত বাতাস, খাদ্য ও পানির মাধ্যমে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসছেন, যা নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধারের উদ্যোগ না নিলে প্রজন্মান্তর ধরে চলতে পারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য অনুযায়ী, সামরিক অভিযানে গাজায় ছড়িয়ে পড়েছে ছয় কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।
অক্সফামের পানি ও পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ লামা আবদুল সামাদ জানান, ধ্বংসস্তূপ ও দূষিত জমির কারণে পরিবেশগত ক্ষতি মোকাবিলা করা কঠিন হবে, এবং বিস্ফোরিত গোলাবারুদের কারণে অনেক এলাকায় প্রবেশ নিরাপদ নয়। বেহার আরও বলেন, পয়োনিষ্কাশনের অবস্থা এতোটাই খারাপ যে, অপরিশোধিত বর্জ্য সাগর ও মাটিতে ছড়িয়ে পড়ছে, যা রোগজীবাণুর বিস্তার ঘটাচ্ছে এবং শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ১ লাখ ৭৫ হাজার আহত হয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ২০২৫ সালে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন গাজার উপর ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে এবং নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী করেছে। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।