ফ্রান্সের আইফেল এক্সিলেন্স স্কলারশিপের আবেদন শুরু
ইউরোপের মধ্যে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স একটি জনপ্রিয় দেশ হিসেবে বিবেচিত। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯ শতাংশ শিক্ষার হার নিয়ে ফ্রান্স তার অবস্থান সুদৃঢ় করেছে। বিশ্বব্যাপী স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার জন্য ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
এই স্কলারশিপটি ফরাসি পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয় পরিচালনা করে। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রান্সের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আকৃষ্ট করা। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা ফ্রান্সের মানসম্মত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।
স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি পর্যায়ে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন জমা দেওয়া যাবে না; এই ধরনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
প্রথমে শিক্ষার্থীদের তাদের যোগ্যতা ও আগ্রহের সঙ্গে মানানসই ফরাসি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে আবেদনের নিয়ম ও সময়সীমা সম্পর্কে জানতে হবে। বিশ্ববিদ্যালয় প্রাথমিক যাচাই-বাছাই শেষে শিক্ষার্থীকে মনোনীত করলে তারা ক্যাম্পাস ফ্রান্সে আনুষ্ঠানিক আবেদন জমা দেবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাস ফ্রান্সে আবেদনপত্র জমার শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার জন্য এই সময়সীমার আগেই আলাদা ডেডলাইন দিতে পারে। তাই শিক্ষার্থীদের দ্রুত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.bangladesh.campusfrance.org/en