পরিবারের বিরুদ্ধে কটূক্তিতে রাশমিকা থাকবে না নিরব
অভিনেত্রী রাশমিকা মান্দানা স্পষ্ট করে দিয়েছেন, তার পরিবারকে নিয়ে কটূক্তি করলে তিনি যোদ্ধার মতো প্রতিক্রিয়া দেখাবেন। তিনি বলছেন, যখন সমালোচনা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আসে, তখন তিনি চুপ থাকতে রাজি নন।
সম্প্রতি ‘‘প্রেমা-দ্য জার্নালিস্ট’’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা অনলাইন ট্রোলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে নিজের কথা বলেছেন। তিনি জানান, ‘কফি উইথ করণ’ শো-এর নবম মৌসুমে স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে অংশ নেওয়ার পর বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাদের।
কারণ, করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো’র দ্বিতীয় পর্বে রাশমিকা ও বিজয় একসঙ্গে উপস্থিত হয়ে খোলামেলা আলাপচারিতায় অংশ নেন, যা দর্শকদের নজর কাড়ে। তবে কিছু মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিজয়ের প্রতি এক বছর ধরে প্রতিদিন বিয়ের প্রস্তাব দেওয়ার কথা প্রকাশ্যে আনার পর রাশমিকাই ট্রোলিংয়ের শিকার হন।
পরবর্তীতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো, সম্পাদিত স্ক্রিনশট শেয়ার, ভুয়া পরিচয় ব্যবহার ও সংগঠিত অনলাইন হয়রানির অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেন।
সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হওয়ার প্রক্রিয়া নিয়ে রাশমিকা বলেন, ক্যারিয়ারের শুরুতে সে ধরনের ট্রলিংয়ের জবাব দিতেন তিনি, কিন্তু পরে বুঝতে পারেন এতে সময় নষ্ট হয়। এখন মাঝে মাঝে উত্তর দিতে ইচ্ছে হলেও অধিকাংশ সময় নীরব থাকাই পছন্দ করেন। পেশাগত সমালোচনা মেনে নিতে তার কোনো আপত্তি নেই, কারণ এগুলো পেশার অংশ এবং মানুষের মত প্রকাশের অধিকার।
তবে পরিবারের বিরুদ্ধে কটূক্তি হলে তা তিনি মানতে পারেন না। তিনি বলেন, ‘‘যে কেউ যদি আমার পরিবারের ব্যাপারে কটূক্তি করে, আমি একদম পছন্দ করি না। তখন আমি পুরোপুরি যোদ্ধার মতো হয়ে উঠি, আমি ‘মাইসা’ হয়ে যাই। কারণ আমার পরিবার এই পেশা বেছে নেয়নি, তারা জনসমক্ষে পরিচিত নয়। তাহলে কেন তাদের নাম ব্যবহার করে তাদের সম্মানহানি করা হবে?’’
রাশমিকার মতে, তিনি ও বিজয় জনসমক্ষে থাকায় অনেক সমালোচনা সহ্য করতে অভ্যস্ত, কিন্তু তাদের পরিবারের সদস্য ও বন্ধুরা প্রচারের আলোতে থাকতে চায় না, তাই তাদের এই বিতর্কে টেনে আনা উচিত নয়।
বর্তমানে রাশমিকা অপেক্ষায় আছেন রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ নামের নতুন অ্যাকশন সিনেমার মুক্তির, যা আনফর্মুলা ফিল্মস প্রযোজনা করছে।