ভুল অভিযোগে ১৮ বছর কারাবাস, বাদল ফরাজী পাচ্ছেন চার সপ্তাহের প্যারোল
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলক্রমে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটানো বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পাচ্ছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা গত ১৬ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে বাদল ফরাজীর প্যারোল মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানায়। বিষয়টি কারা কর্তৃপক্ষও নিশ্চিত করেছে।
ভারতের আদালতে দণ্ডিত হওয়ার পর, ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয় বাদলকে। তার প্যারোলের অনুমতির জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হলে, ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদন মঞ্জুর করেন। তবে আদালত নির্দেশ দেন, প্যারোল ও ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন অনুসরণ করতে হবে।
এরপর ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়, ১১ অক্টোবর পুনরায় স্মারক জারি হয়। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার প্যারোলের আবেদন করেন। আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারকে দিল্লি হাইকোর্টের আদেশ, আইন ও বিচার বিভাগের পরামর্শ এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালা উল্লেখ করা হয়েছে। স্মারকে বাদলের বন্দী নম্বর ৫০০২/এ উল্লেখ রয়েছে।
২০০৮ সালের ৬ মে দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদানের হত্যাকাণ্ড ঘটলে অমর কলোনি থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই সময় নিহতের গৃহকর্মী 'বাদল সিং' নামে এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ।
হত্যার দুই মাস সাত দিন পর ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাদল ফরাজী। পরিবারের দাবি, তিনি তাজমহল দেখে আসার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু বিএসএফ তাকে ধরে হত্যা মামলার পলাতক আসামি 'বাদল সিং' হিসেবে গ্রেপ্তার দেখায়।
পরিবার জানায়, সে সময় বাদল অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন এবং হিন্দি-ইংরেজি ভাষায় দুর্বল হওয়ায় নিজের পরিচয় সঠিকভাবে জানাতে পারেননি। পরে পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য ও স্কুলের প্রত্যয়নপত্র উপস্থাপন করেও তাকে মুক্তি দেয়া হয়নি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন এবং ২২ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখে।
প্রায় ১০ বছর তিহার কারাগারে থাকাকালীন বাদল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তিতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, পরে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
পরিবার জানায়, ২০২২ সালের ২০ জুলাই বাদলের কারাভোগের ১৪ বছর পূর্ণ হয়, তবে স্থায়ী মুক্তির কোনো উদ্যোগ সফল হয়নি। ২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তার মুক্তির বিষয় উত্থাপন হলেও তা প্রত্যাখ্যাত হয়।
বাদলের দীর্ঘ কারাবাসের ঘটনা আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের ‘বাদলের কারাবাস’ উপন্যাস প্রকাশের পর। বইটিতে বাদলের গ্রেপ্তার, বিচার, কারাজীবন, পড়াশোনা ও মুক্তির জন্য স্বজন ও মানবাধিকারকর্মীদের প্রচেষ্টার বর্ণনা রয়েছে।
রাহিতুল ইসলাম বলেন, “প্যারোল সমস্যা সাময়িক সমাধান মাত্র, ১৮ বছরের ক্ষতিপূরণ প্যারোলে হয় না। স্থায়ী সমাধানের জন্য দুই দেশের সরকারের উদ্যোগ দরকার।” সাংবাদিক মিজানুর রহমান সোহেল বলেন, “আমাদের প্রত্যাশা বাদলের স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার, সাময়িক প্যারোল নয়।”
বাদল কারাগারে থাকার সময় তার বাবা মারা যান। পরিবারের আশা, চার সপ্তাহের প্যারোল তার স্থায়ী মুক্তির পথ খুলে দেবে এবং প্যারোল শেষে তাকে কারাগারে ফেরত পাঠানো হবে না।