ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপ সংঘর্ষে একজন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় তিনটি পিকআপের সংঘর্ষে একজন হেলপার মারা গেছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি সোমবার ভোর ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এই সড়কে ঘটে। নিহতের নাম কুমার দাস, বয়স ২২ বছর। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুকলাল দাসের ছেলে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঢাকা থেকে আসা একটি পিকআপ মালিগ্রাম এলাকায় এসে সামনের একটি পিকআপকে ধাক্কা দেয়। ধাক্কায় সামনের গাড়িটি উল্টে গেলে পেছনে থাকা মুরগি বোঝাই পিকআপটি সেই উল্টে যাওয়া গাড়িকে চাপা দেয়। এতে হেলপার কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় রবিউল (৩০), হানিফ (২৮), রাজীব (৩৫) ও ঝন্টু (৩০) আহত হন।

এসআই মামুন আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

All Categories