প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, ২৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব কাছের ব্যক্তি দাবি করে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ সস্তায় দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। আজ সোমবার পিরোজপুরের আদালতে তাদের হাজির করা হয়েছে।

গত রোববার রাতের ওই প্রতারণার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে তিন সদস্যকে আটক করেন এবং পরে কাউখালী থানা পুলিশের হাতে তুলে দেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামের পাশাপাশি বিভিন্ন এলাকার শতাধিক মানুষ থেকে টাকা সংগ্রহ করে এই প্রতারক চক্র। মূল হোতা শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন বলে দাবি করে ৩ হাজার ৫০০ টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় বাড়ি এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রায় দুই মাস আগে তারা সস্তায় চাল, ডাল, তেল, আটা ও মসলা বিক্রি করে এলাকাবাসীর আস্থা অর্জন করেন। এরপর সেই আস্থার সুযোগ নিয়ে ফ্যামিলি কার্ড, ঘর ও টিউবওয়েল দেওয়ার কথা বলে উপজেলা ও আশপাশের গ্রাম থেকে ২৫ লাখ টাকার বেশি হাতিয়ে নেন। তবে প্রধান সহযোগী ফাহিমা ঘটনাটি প্রকাশের আগেই কাউখালী থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার প্রকাশ্যে আসার পর শতাধিক ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেন, যাদের মধ্যে অর্ধশতাধিক নারী এবং অনেক দিনমজুর, স্কুলছাত্রী ও শিক্ষক রয়েছেন। অভিযোগকারীদের তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামাল কেনার জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছিলেন।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, ‘‘প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়েছে, কিন্তু মূল হোতা এখনও পলাতক। তাকে দ্রুত আইনের আওতায় আনা দরকার।’’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের বক্তব্য নেওয়া হয়েছে এবং সাতজনকে আসামি করে ও আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা করে মামলা কার্যক্রম চলছে।

All Categories