শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ও ফলক উন্মোচন

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ ও নামফলক উন্মোচন করা হয়েছে।

স্থানীয় সময় রোববার দুপুরে শিকাগো সিটির কাউন্সিলম্যান গিলবার্ট ভিলেগাস উক্ত নামফলক উদ্বোধন করেন। উইলিস টাওয়ারের নিকটবর্তী আপার ওয়াকার ড্রাইভের একটি অংশকে ‘‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’’ নামে পরিচিত করা হয়েছে।

এই সড়কটি বাংলাদেশের বিশিষ্ট স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। গত ২৩ সেপ্টেম্বর গিলবার্ট ভিলেগাস এই নামকরণের প্রস্তাব দেন, যা গ্রহণের মাধ্যমে সড়কের নতুন নামকরণ নিশ্চিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেন, ‘‘খালেদা জিয়া জীবনের সংগ্রাম ও রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করেছেন যে ক্ষমতা অস্থায়ী হলেও আদর্শ ও দেশপ্রেম চিরস্থায়ী।’’ তিনি বলেন, ‘‘বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণীয় হয়ে আছেন।’’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ অনুষ্ঠানে বলেন, ‘‘শিকাগোর মতো বিশ্বখ্যাত শহরে তাঁর নামে সড়কের নামকরণ শুধু সম্মান নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও প্রবাসী বাংলাদেশিদের জন্য গৌরবের মুহূর্ত।’’

তিনি আরও বলেন, ‘‘স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন।’’

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা উল্লেখ করেন, ‘‘খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের প্রতি তার অবিচল সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’’

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

All Categories