আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে পুলিশের বাধা, ৪৬ কারখানা বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে তিন শ্রমিক আহত হন এবং তাদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো সিরাতুব, রেখা ও সুইটি, যারা নিউ এইজ গ্রুপের কর্মী।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া তিনটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। আগে থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা বন্ধ থাকায় মোট ৪৬টি কারখানার কার্যক্রম স্থগিত রয়েছে।

সোমবার সকালে অধিকাংশ কারখানার শ্রমিক সময়মতো কাজে যোগ দেন এবং হাজিরা দান করেন। বেলা বাড়ার সঙ্গে শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। নিউ এইজ গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা সকাল থেকে উৎপাদন বন্ধ রেখে অবস্থান নেন।

পুলিশ সুপার জানান, শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সাভার সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা একটি বাসের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয় এবং বাসের গ্লাস ভাঙচুর হয়। শ্রমিকদের একাংশ পাশের কারখানাগুলোতেও উচ্ছৃঙ্খল আচরণ করার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকদের আন্দোলনের কারণে সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপসহ ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা হয়েছে। ম্যাংগো টেক্স, সাদ গ্রুপের নাঈম নিটওয়্যার ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভিতরে অবস্থান করছেন।

এছাড়া পূর্বে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা ২২টি কারখানাও রয়েছে। পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে।

All Categories