‘থ্রি ইডিয়টস’ -এর সিক্যুয়েল আসছে ১৫ বছর পর

‘থ্রি ইডিয়টস’ -এর সিক্যুয়েল আসছে ১৫ বছর পর

বলিউডে ২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস শুধু একটি সিনেমা ছিল না এক প্রজন্মের কাছে তা হয়ে ওঠে স্বপ্ন, বন্ধুত্ব ও জীবনের নতুন সংজ্ঞা। রাজকুমার হিরানির সংবেদনশীল গল্প বলার ধরণ, আমির খান–মাধবন–শর্মন জোসি ত্রয়ীর অভিনয় ও ছবির হাস্যরস–সমৃদ্ধ নির্মাণ আজও দর্শকের স্মৃতিতে অমলিন। গান, সংলাপ, চরিত্র সবই ছাপ রেখে গেছে সময়ের পাতায়।

মুক্তির ১৫ বছর পর সেই ছবির সিক্যুয়েল নিয়ে আবারও সরগরম বলিউড। একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, থ্রি ইডিয়টস ২–এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে এবং আগামী বছরই শুরু হবে শুটিং।

জানা গেছে, প্রথম ছবির মূল অভিনেতাদেরই ফিরিয়ে আনছেন নির্মাতারা—রয়েছেন আমির খান, করিনা কাপুরসহ আগের টিমের অনেকে। তাঁদের বিশ্বাস, প্রথম ছবির যে ‘ম্যাজিক’ দর্শকদের আবেগে ভাসিয়েছিল, সেটিই আবার নতুন করে ধরা দেবে সিক্যুয়েলে।

সিক্যুয়েলের গল্প এগোবে সময়ের স্রোত মেনে, প্রায় ১৫ বছর পর। প্রথম ছবির শেষে তিন বন্ধুর যে আলাদা পথচলা শুরু হয়েছিল, এবার তাঁরা এক হবেন নতুন অভিযানে। এই দীর্ঘ সময়ে তাঁদের জীবনে কী পরিবর্তন এসেছে, রাঞ্চোর দর্শন কীভাবে বদলেছে, ফারহানের স্বপ্ন ও রাজুর সংগ্রামে কী নতুন মাত্রা যোগ হয়েছে—এসবই নতুন আঙ্গিকে ফিরে আসবে পর্দায়। দর্শকদের অনেকে মনে করছেন, এ কারণে সিক্যুয়েলটি আগের তুলনায় আরও বাস্তবসম্মত ও আবেগঘন হতে পারে।

নির্মাতা দলের ভাষ্য, নতুন গল্পেও আছে হাসি–কান্না, আছে নিজের কাছে ফিরে আসার আবেগ—যেমনটা ছিল প্রথম ছবিতে। পাশাপাশি বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থা, প্রতিযোগিতা, জীবনের চাপ–এমন নানা বাস্তবতাও থাকতে পারে কাহিনির অংশ হিসেবে। ফলে ছবিটি শুধু নস্টালজিয়া নয়, নতুন প্রজন্মের জন্যও হয়ে উঠতে পারে বার্তা–নির্ভর বিনোদন।

All Categories