টেস্ট থেকে অবসরের ঘোষণা বিরাট কোহলির

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। ২০১১ সালে অভিষেকের মাধ্যমে শুরু হওয়া ১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের আজ পড়ল শেষ পাতা।

নিজের সিদ্ধান্ত আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে জানিয়ে দিয়েছিলেন কোহলি। বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও করেছিলেন। তবে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার নিজের সিদ্ধান্তে ছিলেন অটল।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। সেখানে তিনি লেখেন, ১৪ বছর আগে প্রথমবার টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে, শিক্ষা দিয়েছে এই শিক্ষা সারা জীবন বয়ে বেড়াবো।

কোহলি আরও লেখেন, সাদা পোশাকে খেলার একটা আলাদা অনুভব থাকে। এর মধ্যে ব্যক্তিগত অনেক গভীর বিষয় লুকিয়ে থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় ধরে খেলা, ছোট ছোট মুহূর্ত সব কিছু একত্রে মিশে থাকে স্মৃতিতে। এসব আমি কখনো ভুলবো না।

ভারতের জার্সিতে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন কোহলি। করেছেন ৩০টি শতক ও ৩১টি অর্ধশতক। লাল বলের ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলেন গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে কোহলির রান ছিল ১৯০, গড় ২৩.৭৫। করেছিলেন একটি মাত্র সেঞ্চুরি।

সেই সিরিজেই ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। অনেকেই তখনই প্রশ্ন তুলেছিলেন টেস্ট ক্রিকেটে আদৌ আর আগের মতো দেখা যাবে কি না তাকে। শেষ পর্যন্ত কোহলির সিদ্ধান্ত জানিয়ে দিল লাল বলের অধ্যায় শেষ।

All Categories