তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় জিডি
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় জিডি করেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়, তাসকিন আহমেদ ফোনে ডেকে নিয়ে গিয়ে সৌরভকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং হুমকি দেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তাসকিনের সঙ্গে সৌরভের পূর্বপরিচিতির সম্পর্ক ছিল।
এ বিষয়ে তাসকিন আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। এমনকি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।
ঘটনাটি সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জি-কে বলেন, ‘মিডিয়াতে সংবাদটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও দেখেছেন। এ নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। ঘটনা সত্যি হলে তা খুবই দুঃখজনক। একজন আইকন প্লেয়ারের এসব বিষয়ে জড়ানো উচিত না। এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাই না, আগে পুরো ঘটনা জানা দরকার।
তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন এবং বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। তবে মাঠের সাফল্যের পর এবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় এই জাতীয় দলের তারকা পেসার।