শুটিংয়ের প্রথম দিনেই সোনমকে আঘাত, চাকরি হারানোর আশঙ্কা করেছিলেন জিম সরভ
বলিউডের শক্তিশালী অভিনেতা জিম সরভ এবং সোনম কাপুরের ‘নীরজা’ চলচ্চিত্রের শুটিং সেটে ঘটে এক মারাত্মক ঘটনা। ২০১৬ সালে রাম মাধবানির বায়োপিকে উগ্র বিমান ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন জিম।
প্রথম সিনেমাতেই তার নিখুঁত অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি। তবে, সম্প্রতি জানা যায়, শুটিংয়ের প্রথম দিনেই দুর্ঘটনাবশত সোনম কাপুরের মুখে বন্দুকের বাট দিয়ে আঘাত করেন জিম।
নিউজ১৮ এর এক সাক্ষাৎকারে জিম তার সেই ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘শুটিংয়ের প্রথম দিনেই এক দুর্ঘটনা ঘটে যায়। দৃশ্য চলাকালীন আমার হাতের বন্দুকটি দিয়ে দুর্ঘটনাবশত সোনম কাপুরের মুখে সজোরে আঘাত লেগে যায়। আমি তো ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। ভাবছিলাম, হে ঈশ্বর, আমি এটা কী করলাম। ভেবেছিলাম প্রথম ছবিতেই বোধহয় আমার ছুটি হয়ে গেল। কিন্তু সোনম অত্যন্ত স্পোর্টিংলি বিষয়টা নিয়েছিলেন, ফলে চাকরিটা বেঁচে যায়।’
এছাড়া, তিনি চলচ্চিত্র সেটে ভেদাভেদ এবং ভিআইপি কালচার তুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ফিল্ম সেটে এই যে সুনির্দিষ্ট ভেদাভেদ আর ভিআইপি কালচার রয়েছে, তা যত দ্রুত তুলে দেওয়া যাবে, চলচ্চিত্র জগতের জন্য ততই মঙ্গল। সেটে ছোট-বড় সবাইকে তাদের কাজের জন্য সম্মান দেওয়া উচিত। বৈষম্য থাকলে কাজের মান নষ্ট হয়।’
‘নীরজা’র সাফল্যের পর জিম আর পেছনে ফিরে তাকাননি। তিনি ‘পদ্মাবত’, ‘সঞ্জু’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র মতো বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়া, ওটিটি প্ল্যাটফর্মে ‘রকেট বয়েজ’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো হিট সিরিজে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।