শর্তসাপেক্ষে জামিন পেলেন গায়ক নোবেল

শর্তসাপেক্ষে জামিন পেলেন গায়ক নোবেল

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে হেনস্তা, আপত্তিকর ছবি তোলার চেষ্টা ও ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে নোবেলের জামিন মঞ্জুর করেন।এর আগে সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এই গায়ককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল আদালত কক্ষে বাদী ও আসামির মধ্যে সমঝোতার সম্মতির পরিপ্রেক্ষিতে এক হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দেন বিচারক।

গতকাল বেলা ২টা ৪০ মিনিটের দিকে নোবেলকে এজলাসে তোলা হয়। এ সময় মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা আদালতে উপস্থিত ছিলেন।শুনানি চলাকালে বিচারক বাদীর কাছে আপসের বিষয়ে জানতে চাইলে তিনি ইতিবাচক সাড়া দেন। এরপর বিচারক দুই পক্ষের কাছেই জানতে চান তারা আপস চান কিনা? জবাবে নোবেল ও অনন্যা দুজনেই ‘হ্যাঁ’ বলেন।

নোবেলের আইনজীবী মো. রানা শেখ আপসের বিষয়টি তুলে ধরে জামিন প্রার্থনা করেন। পরে মামলার আগামী ধার্য তারিখ ২ এপ্রিল পর্যন্ত নোবেলকে জামিন দেন আদালত।বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, গত ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তিনি আদালতে বলেন, আসামির বিরুদ্ধে বেশ কিছু অপকর্মের তথ্য আছে, গ্রেপ্তারের পর বাদীর সঙ্গে আপসের কথাবার্তা চলছে।

গত বছরের ১৩ আগস্ট নোবেল, তাঁর মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং সহকারী মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। পিবিআই তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।

All Categories