সিরিজ হারে হতাশ লিটন, বললেন ‘এটা জীবনেরই অংশ’
শক্তিতে এগিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অবিশ্বাস্যভাবে সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে হতাশ দলপতি লিটন কুমার দাস।তিন ম্যাচের সিরিজে টানা দুটি হারের পর পরাজয়কে জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। বুধবার (২১ মে) সিরিজের শেষ ম্যাচেও ১৬২ রানের পুঁজি নিয়েও হারতে হয় ৭ উইকেটে।
ম্যাচ শেষে হতাশ লিটনের কণ্ঠে হারের ব্যাখ্যা—অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা এখানে জিততেই এসেছি। তবে হারও জীবনের অংশ। প্রতিপক্ষও ভালো খেলতে পারে, তাদের কৃতিত্ব দিতেই হবে।
তবে প্রতিপক্ষের প্রশংসা করলেও পরাজয়ের মূল কারণ হিসেবে শিশিরের প্রভাবকেই দায়ী করেছেন লিটন। আগের ম্যাচের মতো শেষ ম্যাচেও শিশিরের কারণেই বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ বলে মনে করেন তিনি।
লিটন বলেন, তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। আমার মতে, শিশিরই মূল ব্যাপার ছিল। ব্যাটিংয়েও কিছু ভুল করেছি, উইকেট ও কন্ডিশন অনুযায়ী প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি।
ম্যাচে আমিরাতের ব্যাটারদের প্রশংসা করে লিটন বলেন, তারা অস্থির হয়নি, ধৈর্য ধরে খেলেছে। এজন্য তাদের কৃতিত্ব দিতেই হয়। বিশেষ করে শিশিরের কারণে তারা ব্যাটিংয়ে সুবিধা পেয়েছে।
তবে হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক দেখছেন লিটন। পারভেজ হোসেন ইমনের অভিষেক ম্যাচের সেঞ্চুরি, তানজিদ হাসান তামিমের ধারাবাহিকতা এবং তাওহিদ হৃদয় ও জাকের আলির ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।
“যেভাবে পারভেজ, তামিম, হৃদয় ব্যাট করেছে… জাকেরও ভালো ব্যাট করেছে। দু-একজন ভালো বোলিংও করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং শেখা বিষয়গুলো ম্যাচে কাজে লাগাতে হবে,” বলেন লিটন।
এই সিরিজ শেষে বৃহস্পতিবার বিশ্রামে যাবে দল। এরপর শুক্রবার ও শনিবার দুবাইয়ে অনুশীলন করে পাকিস্তানের লাহোরে যাবে বাংলাদেশ। সেখানে আগামী বুধবার থেকে শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।